বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে চোলাই মদের কারখানায় ডিবির অভিযান, ১,৫১০ লিটার মদ ও ওয়াশ জব্দ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ১৩ জুলাই, ২০২৬

গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুর মহানগরের সদর থানাধীন দাখিনখান মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি-দক্ষিণ) পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন চিহ্নিত ব্যক্তিসহ আরও ৩-৪ জন অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১২ জুলাই রাতে বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ মিজানুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল দাখিনখান মধ্যপাড়ায় জনৈক মোমেন ভূঁইয়ার ভাড়া দেওয়া একটি টিনশেড ভবনে অভিযান চালায়। রাত ১০টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ১২টি প্লাস্টিকের বোতলে সংরক্ষিত ৬০ লিটার দেশীয় চোলাই মদ, ২৯টি ড্রামে রাখা প্রায় ১ হাজার ৪৫০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) এবং মদ উৎপাদনে ব্যবহৃত দুটি স্টেইনলেস স্টিলের ট্যাংক জব্দ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পুলিশ জানায়, জব্দ করা চোলাই মদ ও ওয়াশের মোট পরিমাণ ১ হাজার ৫১০ লিটার। উদ্ধার করা মাদক ও উপকরণের আনুমানিক মূল্য ১৫ লাখ ৭০ হাজার টাকা এবং উৎপাদন সরঞ্জামের মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মো. কামরুজ্জামান মিরাজ (৩৩), মো. রুবেল মিয়া (৩৮) এবং আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছেন।

ডিবি পুলিশের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন করে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা আলামত বর্তমানে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেফাজতে রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়