নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিল ট্যাংকি মৎস্য অভয়াশ্রমে আইন অমান্য করে মাছ শিকারের অভিযোগে ২৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হালতি বিলের ভূষণগাছা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা অনুযায়ী নিষিদ্ধ এলাকায় মাছ শিকারের অপরাধে তাদের জরিমানা করা হয়। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত বড়শি, হুইলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। অভিযানের নিরাপত্তায় নলডাঙ্গা থানা পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, মৎস্যসম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস