মামলার কথা গোপন করায় কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল

0
535
মামলার কথা গোপন করায় কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদের মনোনয়ন বাতিল / ছবি - সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি :


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বে থাকা সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-২ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই করা হয়। এতে কুড়িগ্রাম-১ আসনে মনোনয়ন দাখিল করা ছয় প্রার্থীর সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে কুড়িগ্রাম-২ আসনে মনোনয়ন দাখিলকারী নয়জন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল করা হয়।

এর মধ্যে জাপা প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের বিরুদ্ধে একটি চলমান মামলার তথ্য হলফনামায় উল্লেখ না থাকায় তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। অপরদিকে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান তার হলফনামায় প্রয়োজনীয় একাধিক তথ্য উল্লেখ না করায় তার মনোনয়নও বাতিল করা হয়।

এই আসনে বিএনপি, জামায়াত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও এনসিপিসহ বাকি সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র আরও জানায়, বাতিল হওয়া দুই প্রার্থীই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন। আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণ করা হবে।

এ বিষয়ে সাবেক এমপি পনির উদ্দিন আহমেদ বলেন, তার নামে দায়ের হওয়া মামলার বিষয়ে তিনি অবগত ছিলেন না। বিষয়টি জানার পর তিনি রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here