ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বুধবার (৩১ ডিসেম্বর) ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর স্থাপনের জন্য অধিগ্রহণকৃত ভূমি এবং ধনুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রকল্পগুলোর অগ্রগতি মূল্যায়ন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করার বিষয়ে মতবিনিময় করেন। তিনি গ্যাস পাইপলাইন নির্মাণের ক্ষেত্রে সময়সূচি ও মান নিশ্চিত করে কাজ শেষ করার নির্দেশ দেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তরের জন্য মোট ৯৪৫ একর জমি অধিগ্রহণ করা হচ্ছে। এখানে প্রশাসনিক ভবন, আবাসিক এলাকা, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান, হোটেল জোন, আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, খেলাধুলার মাঠ, মিউজিয়াম ও নভোথিয়েটারসহ নানা স্থাপনা নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২২৪ কোটি ৮০ লাখ ৬৩ হাজার টাকা।
জেলা প্রশাসক বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ বিভাগের প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে।

