বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও চোরাচালান প্রতিরোধ জোরদারে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই। সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ এবং মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জুসহ সংশ্লিষ্টরা।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়ে চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
এছাড়াও বকশীগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে অবৈধ মাছ বাজার উচ্ছেদ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রির কারণে সৃষ্ট যানজট নিরসনে অবৈধ দোকান অপসারণ, চুরি ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে স্বেচ্ছাসেবক নিয়োগসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সমন্বিত প্রচেষ্টায় বকশীগঞ্জ উপজেলায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে।
এই বাংলা/এমএস
টপিক

