নিজস্ব প্রতিবেদক :
বিএনপির নেতা–কর্মীদের নির্বাচনমুখী আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “ধানের শীষকে বিজয়ী করতেই হবে—এর কোনো বিকল্প নেই। দেশকে রক্ষার জন্য ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে।”
বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যুবদল ও কৃষক দল–সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, বিএনপি যে উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করেছে, দেশের আর কোনো রাজনৈতিক দল সে রকম বাস্তবভিত্তিক পরিকল্পনা দিতে পারেনি। তাই সংগঠনের কর্মীদের এখন বসে থাকার সুযোগ নেই। তিনি বলেন, “এখন আপনার নেমে পড়তে হবে মানুষের পক্ষে, দেশের পক্ষে। কারণ আমাদের কাছে প্রথম বাংলাদেশ, শেষ বাংলাদেশ—সবসময় বাংলাদেশ।”
তিনি আরও বলেন, দলের এই পরিকল্পনা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনগণের কাছে স্পষ্টভাবে বোঝাতে হবে বিএনপি কী পরিবর্তন আনতে চায়। “জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করেছি, জনগণকে সঙ্গে নিয়ে আমরা পরিকল্পনাও বাস্তবায়ন করবো”—যোগ করেন তিনি।
তারেক রহমান অভিযোগ করেন, বিভিন্ন স্থানে কিছু ব্যক্তি ধর্মীয় স্থান—বিশেষ করে মসজিদে গিয়ে নিজের কথা বলছেন। তিনি বলেন,
“যদি তারা বলতে পারেন, আপনাদের কেন বাধা থাকবে? বললে সবাই বলবে, না বললে কেউ বলবে না। নিজের এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিন।”
আলোচনা সভায় উপস্থিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের প্রধান নেতা তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তিনি বলেন, “তারেক রহমান দেশে ফিরলে পুরো বাংলাদেশ কেঁপে উঠবে।”
আসন্ন নির্বাচনে জয়লাভের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “এখন সংগ্রাম নির্বাচনে আমাদের জয়ের সংগ্রাম। পুরোপুরি জয়ী হতে হবে—যাতে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারি।”
এই বাংলা/এমএস
টপিক

