
রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর তানোরে সরু গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে ৪২ ফুট পর্যন্ত খুঁড়েও পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গতকাল বুধবার তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপ খননের জন্য তৈরি করা ৮ ইঞ্চি ব্যাসের সরু গর্তে পড়ে যায় সাজিদ। ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়।
সরু গর্তটির পাশে বড় আকারের একটি গর্ত তৈরি করে এক্সক্যাভেটর দিয়ে খনন করা হয় এবং তা সরু গর্তের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়। তারপরও শিশুটিকে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার বেলা ১টা ২০ মিনিটে গর্ত থেকে উঠে আসেন উদ্ধারকর্মীরা।
ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম বলেন, “৪২ ফুট পর্যন্ত খুঁড়েছি, কিন্তু পাইনি। এখন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলব।”
উদ্ধার অভিযান চলবে কি না জানতে চাইলে তিনি বলেন, “হ্যাঁ, অভিযান চলবে। যদি মাটির ১০০ ফুট নিচেও থাকে, এভাবেই খনন করতে হবে। না পাওয়া পর্যন্ত কাজ করতেই থাকব।”
সাজিদ ২৪ ঘণ্টার বেশি সময় ধরে গর্তের ভেতরে রয়েছে। এলাকাটি উচ্চ খরাপ্রবণ হওয়ায় মাটির অনেক গভীরে পানি পাওয়া যায় না। সাধারণত গভীর নলকূপ বসানোর আগে বোরিং করে পানির অস্তিত্ব দেখা হয়।
এই গর্তও সেই পরীক্ষামূলক বোরিং ছিল। পানি না পাওয়ায় গর্তটি ফেলে রাখা হয়। এ ধরনের গর্ত সাধারণত ১০০ থেকে ১৫০ ফুট গভীর হয়ে থাকে।
এই বাংলা/এমএস
টপিক
