ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলায় দশম শ্রেণির শিক্ষার্থী আল-আমিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ২টায় ডিমলা জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়দের আয়োজনে ডিমলা বিজয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গত ২৭ নভেম্বর সকালে আল-আমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর জখম করে নাসিম ও তার সহযোগীরা। ঘটনার দ্রুত বিচার এবং সকল অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেন। এছাড়াও আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সংহতি প্রকাশ করেন।
বিক্ষোভ চলাকালে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, হামলার সহযোগী রাব্বিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।
আল-আমিন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবা নুর ইসলাম দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান এবং বলেন, “আমি দরিদ্র মানুষ, ছেলের চিকিৎসার জন্য ধার করেই খরচ চালাতে হচ্ছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার চাই।”
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও এলাকাবাসী বক্তব্য দেন।
এই বাংলা/এমএস
টপিক