স্টাফ রিপোর্টার :
নওগাঁর বদলগাছী উপজেলায় বিয়ের বরযাত্রী বহনকারী একটি বাস উল্টে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ এলাকার বিআরডিবি অফিসসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়রা জানান, রাজশাহীর বাঘা থেকে আদিবাসী সম্প্রদায়ের এক বিয়ের অনুষ্ঠানের বরযাত্রীদের নিয়ে বাসটি জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিল। পথে চালক অতিরিক্ত চোলাই মদ পান করায় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে গাড়িটি সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। বাসটিতে প্রায় ৫০ যাত্রী ছিলেন, যার মধ্যে কমপক্ষে ৩০ জন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে বদলগাছী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। তবে বর ও কয়েকজন স্বজন আলাদা মাইক্রোবাসে থাকার কারণে তারা দুর্ঘটনা থেকে রক্ষা পান।
এদিকে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন বদলগাছী ও মহাদেবপুর আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মাহফুজ আলম। তিনি বলেন, “দুর্ঘটনাস্থল ও হাসপাতাল দু’জায়গাই পরিদর্শন করেছি। বড় ধরনের ক্ষতি হয়নি, আর চিকিৎসাকর্মীরা দায়িত্বশীলভাবে কাজ করছেন।”
বদলগাছী থানার ওসি আনিসুর রহমান জানান, বাসচালককে আটক করা হয়েছে কি না—এ বিষয়ে তথ্য এখনও পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্তে দ্রুত ব্যবস্থা নেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই বাংলা/এমএস
টপিক