নাটোর প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (২২ নভেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মদনহাট পাবনা পাড়া মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা শাহজাহান শিকদার।
দুলু বলেন, জাতির সংকটময় মুহূর্তে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনার সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরেছেন তারেক রহমান। দেশের পুনর্গঠন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনঅধিকার ফিরিয়ে আনতে তাঁর নেতৃত্বে ধানের শীষের বিকল্প নেই।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সকলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপোষহীন রাজনীতির চর্চা করে দেশ ও মানুষের জন্য কাজ করে গেছেন। দলের কর্মী বা জনগণকে বিপদে ফেলে তিনি কখনো দেশ ছাড়েননি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন—নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিন, দলের সদস্য নাসিম উদ্দিন নাসিম ও হাফিজ উদ্দিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নলডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান আতা, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন এবং জেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ।
এই বাংলা/এমএস
টপিক

