নীলফামারীতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী মার্জিয়ার মর্মান্তিক মৃত্যু

0
201
দ্রুতগতির ট্রাকের ধাক্কায় নিহত মার্জিয়া আক্তার / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


নীলফামারীতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মার্জিয়া আক্তার (১০) নামে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলা মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মার্জিয়া সদর উপজেলার টুপামারী ইউনিয়নের পীরের মাজার শাহ পাড়া এলাকার মোস্তাকীম শাহের মেয়ে এবং শহরের মমতাজ মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুলের ক্লাস পার্টিতে অংশ নেয় ছোট্ট মার্জিয়া। দুপুরে অনুষ্ঠান শেষে চাচা হাসু শাহের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মডেল মসজিদের সামনে তার পানির পিপাসা লাগে। নিরাপদ দূরত্বে মোটরসাইকেলে মার্জিয়াকে বসিয়ে রেখে চাচা পাশের হোটেল থেকে পানি আনতে যান।

ঠিক সেই সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় মার্জিয়া।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভায়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে। পরে পুলিশ ট্রাকটি থানা নেওয়ার চেষ্টা করলে জনতা তা নিজেদের হেফাজতে রাখে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here