নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সোনাইমুড়ীতে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই তরুণ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া এলাকায় চৌমুহনী–সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার বারাহিপুর গ্রামের শাহরিয়া সহিদ (২০) ও মোশারফ হোসেন (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সোনাইমুড়ী বাজার থেকে মোটরসাইকেলে করে চৌমুহনীর দিকে যাচ্ছিলেন সহিদ ও মোশারফ। পথে বগাদিয়া এলাকায় পৌঁছলে হঠাৎ এক নারী পথচারী রাস্তা পার হতে গেলে তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এরপর সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে দু’জনই গুরুতর আহত হন।
এতে ঘটনাস্থলেই শাহরিয়া সহিদের মৃত্যু হয়। স্থানীয়রা মোশারফকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, “এক নারী পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।”
এই বাংলা/এমএস
টপিক