রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভূগরোইল মোড় এলাকায় অবস্থিত ভূমি অফিস লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপর দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। তবে নৈশপ্রহরী ও নিরাপত্তাকর্মীদের তৎপরতায় এ ঘটনায় কেউ হতাহত হননি। অফিসের মূল্যবান নথিপত্রেরও বড় ধরনের ক্ষতি হয়নি।
হামলার খবর পেয়ে রোববার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। ভূমি অফিস পরিদর্শন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পবার পারিলা ইউনিয়নে অবস্থিত পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রও ঘুরে দেখেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন ও সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী।
এর আগে সকালে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন ক্ষতিগ্রস্ত ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, পবা উপজেলা ভূমি অফিসের আগে পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রসহ জেলার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
তিনি বলেন, ভূমি অফিসে সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ দলিল ও রাষ্ট্রীয় রেকর্ড সংরক্ষিত থাকে। জনস্বার্থসংশ্লিষ্ট এমন প্রতিষ্ঠানে হামলা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। বিধ্বংসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা থেকেই এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে মনে করেন তিনি।
জেলা প্রশাসক আরও জানান, হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও পল্লী বিদ্যুৎ কার্যালয়গুলোতে নৈশপ্রহরী মোতায়েনের পাশাপাশি পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। রাষ্ট্রীয় সম্পদ ও জনস্বার্থ রক্ষায় সাধারণ মানুষকেও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন, পবা উপজেলায় বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সাম্প্রতিক সময়ে বিমানবন্দর ও পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রে হামলার পর রোববার রাতে উপজেলা ভূমি অফিসেও হামলা চালানো হয়। তবে দায়িত্বরত নৈশপ্রহরী ও নিরাপত্তাকর্মীদের সতর্কতায় বড় ধরনের অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ইউএনও আরও বলেন, উপজেলা পরিষদ, ভূমি অফিস, বিমানবন্দর ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নজরদারি ও নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গভীর রাত পর্যন্ত টহল দিচ্ছেন। পাশাপাশি অতিরিক্ত আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নাশকতার প্রভাব শেষ পর্যন্ত সাধারণ নাগরিক ও এলাকাবাসীকেই ভোগ করতে হয় উল্লেখ করে সন্দেহভাজন ব্যক্তির সন্ধান পেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এই বাংলা/এমএস