বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

খানসামায় ২ হাজার ২০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার, কর্মসূচির উদ্বোধন হুইপের

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

দিনাজপুরের খানসামায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের এ কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, গম ও বোরো ধানের আবাদ এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলার ২ হাজার ২০০ কৃষককে এ প্রণোদনা দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার স্বাগত বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার।

এ সময় ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন লিটন, ভেড়ভেড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুলসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার সরবরাহের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং চাষাবাদে তাঁদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর