নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ প্যাকেটজাত ও বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব সোনাপাতিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, পূর্ব সোনাপাতিল এলাকার একটি ধান ভাঙা মিলে অবস্থিত ‘রবিউল বীজ ভান্ডার’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধানের বীজ মজুদ অবস্থায় পাওয়া যায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রবিউল আউয়াল সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় প্রত্যয়ন ছাড়াই এসব বীজ বিক্রির উদ্দেশ্যে মজুদ ও প্যাকেটজাত করছিলেন।
এ সময় পরিদর্শনে দেখা যায়, প্যাকেটজাত বীজের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) উল্লেখ করা হয়নি। পাশাপাশি প্রয়োজনীয় প্যাকেটজাতকরণ ও বিপণন লাইসেন্স ছাড়াই বীজ প্যাকেটজাত করার প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে ঠাকুরগাঁও ও লালমাটিয়া, ঢাকা নামাঙ্কিত মোড়কে প্যাকেটজাত কিছু ধান ও গমের বীজও পাওয়া যায়। তবে এসব বীজের বৈধ কাগজপত্র সংশ্লিষ্ট ব্যক্তি প্রদর্শন করতে পারেননি।
নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, কৃষকের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করা এবং বীজ ব্যবসায় প্রতারণা ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস