শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রাজশাহীতে ১ হাজার ৬০ জনের অংশগ্রহণে হাফ ম্যারাথন অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে রানার্স কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬’। শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডসহ নগরীর বিভিন্ন সড়ক ঘুরে এ ম্যারাথন শেষ হয়। এতে অংশ নেন ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী।

শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

আয়োজকরা জানান, প্যারিস রোডের শেষ প্রান্ত থেকে ম্যারাথনটি শুরু হয়। পরে কাজলা গেট, বিহাস ও মেয়ের চণ্ডী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্যারিস রোডে এসে দৌড় শেষ করেন অংশগ্রহণকারীরা। এবারের আয়োজনে মোট ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী অংশ নেন।

ম্যারাথনে টাইটেল স্পন্সর হিসেবে ছিল ‘টাইম জোন’। সার্বিক সহযোগিতায় ছিল রাজশাহী সিটি করপোরেশন, নাবিল গ্রুপ, পোলার, ইবনে সিনা, পুবালী ব্যাংক পিএলসি, কোয়ান্টাম ফাউন্ডেশন ও সপুরা সিল্ক।

অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোয়ান গ্রুপ ও সোয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খবীর উদ্দিন খান।

রাজশাহী রানার্স কমিউনিটির সভাপতি ও রেস ডিরেক্টর পিয়ারুল ইসলামের নেতৃত্বে ম্যারাথনটি আয়োজিত হয়। এতে রেস কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর আমিরুজ্জামান এবং রেস মার্শাল ছিলেন কেএম আরিফ হোসেন। এ সময় রানার্স কমিউনিটি রাজশাহীর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সুস্থ ও স্বাস্থ্যসচেতন জাতি গঠনের লক্ষ্য নিয়ে রাজশাহী রানার্স কমিউনিটি দীর্ঘদিন ধরে মহানগরে দৌড়বিষয়ক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলাই সংগঠনটির মূল উদ্দেশ্য।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর