গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬-এর প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টায় প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাইকৃত প্রার্থীদের নিয়ে এ কার্যক্রম শুরু হয়। কুষ্টিয়া জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শেষে যোগ্য প্রার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন গাজীপুরের পুলিশ সুপার। এ সময় তিনি প্রার্থীদের যেকোনো ধরনের আর্থিক লেনদেন, দালাল চক্রের প্রলোভন ও অসাধু তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।
পুলিশ সুপার আরও বলেন, গাজীপুর জেলা পুলিশ মেধাভিত্তিক, স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে প্রার্থীদের সহযোগিতা, শৃঙ্খলা ও ইতিবাচক অংশগ্রহণ কামনা করেন তিনি।
প্রথম দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় দিনের পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি।
নিয়োগ পরীক্ষায় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) শাকিলা সোলতানা এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (আরঅ্যান্ডপিসি-২) মো. আল-আমীন।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, পিপিএম; টাঙ্গাইল জেলার গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান। এ ছাড়া মেডিকেল অফিসার, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস