খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা বিনাজুড়িপাড়ায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে সৌরশক্তিচালিত পানির ট্যাংক স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন। এর ফলে পানির সংকটে থাকা শতাধিক পাহাড়ি পরিবারের দুর্ভোগ কমেছে। এলাকায় ফিরেছে স্বস্তি।
বিশেষ করে শুষ্ক ও শীত মৌসুমে বিনাজুড়িপাড়ায় তীব্র পানির সংকট দেখা দেয়। স্থানীয়দের এ ভোগান্তি নিরসনে উদ্যোগ নেয় সেনাবাহিনী। লক্ষ্মীছড়ি জোনের নির্দেশনায় এবং বার্মাছড়ি আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে মাত্র দুই সপ্তাহের মধ্যে প্রকল্পটির কাজ সম্পন্ন করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সৌরশক্তিচালিত পানির ট্যাংকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম। এ সময় বার্মাছড়ি আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুইসালা চৌধুরী, হেডম্যান, কারবারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুইসালা চৌধুরী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এত দিন বিনাজুড়িপাড়ার উঁচু পাহাড়ে বসবাসকারী শতাধিক পরিবার পাহাড়ের নিচের ছড়া, খাল ও গর্ত থেকে কলসিতে করে মাথায় পানি বয়ে এনে ব্যবহার করত। শীতকালে ঝিরি ও ছড়ার পানি শুকিয়ে গেলে তাদের দুর্ভোগ চরমে পৌঁছাত। সেনাবাহিনীর এ সময়োপযোগী ও মানবিক উদ্যোগে শতাধিক পরিবারের পানির কষ্ট লাঘব হয়েছে। এলাকার সুবিধাবঞ্চিত মানুষ এ উদ্যোগে দারুণ খুশি।
প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম বলেন, পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে সব প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশ সেনাবাহিনী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। জাতিগত বিভেদের ঊর্ধ্বে থেকে সেনাবাহিনী সব সময় নিঃস্বার্থভাবে জনকল্যাণে নিয়োজিত।
তিনি আরও বলেন, বিনাজুড়িপাড়ায় সৌরশক্তিচালিত পানির ট্যাংক স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের পানির সংকট নিরসন হবে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের পাশে থেকে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।িএই বাংলা/এমএস