সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সীতাকুণ্ড শঙ্কর মঠে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) মঠ প্রাঙ্গণে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়।

শঙ্কর মঠের যোগাচার্য ব্রহ্মবিদ পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫৫তম, যোগাচার্য পরমহংস শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৮তম জন্মবার্ষিকী, অখণ্ড গীতাপাঠের ৪৬তম আসর, শ্রীশ্রীবিশ্বনাথ মন্দিরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুদ্রাভিষেক উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিকেল ৪টায় জাতীয় ও গৈরিক পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন এবং যুগল পায়রা অবমুক্তির মাধ্যমে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শঙ্কর মঠের অধ্যক্ষ ও কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।

এ সময় মঠের সাধারণ সম্পাদক অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, মঠের ট্রাস্টি শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী, কর্মকর্তা সমীর পাল, রঞ্জিত মল্লিক, মাস্টার অজিত কুমার শীল, অধ্যাপক অনজন দাশ, বাসুদেব দাশ এবং মঠের সাধু-সন্তুরা উপস্থিত ছিলেন।

আগামী ২২ নভেম্বর রোববার রাতে সপ্তাহব্যাপী এ অনুষ্ঠান শেষ হবে। এ ছাড়া আগামী ২৭ নভেম্বর শুক্রবার পরমহংস শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৭০তম শুভ আবির্ভাব দিবস উদযাপন করা হবে।

সপ্তাহব্যাপী আয়োজনের কর্মসূচির মধ্যে রয়েছে অখণ্ড গীতাপাঠ, শ্রীশ্রীবিশ্বশান্তি গীতাযজ্ঞ, মঙ্গলারতি, গুরু বন্দনা, হরি ওঁ কীর্তন, শ্রীশ্রীচণ্ডীপাঠ, শ্রীমদ্ভগবদ্‌গীতা প্রতিযোগিতা, স্বাস্থ্যসেবা কর্মসূচি, অখণ্ড প্রদীপ প্রজ্বালন, বস্ত্র বিতরণ, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, কবিগান, পাল্টা কীর্তন, মাতৃ সম্মেলন ও সনাতন ধর্ম মহাসম্মেলন। এ ছাড়া দুপুর ও রাতে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর