সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক সংগঠনের আহ্বায়কের ওপর হামলা, চোখে গুরুতর আঘাত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় অন্যায়, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার সামাজিক সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তাঁর চোখে গুরুতর আঘাত লেগেছে।

গত রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের রেলওয়ে স্টেশন কলোনি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সংগঠন সূত্রে জানা যায়, রেলওয়ে স্টেশনের টিকিট কালোবাজারি, জেলা সদর হাসপাতালের দালালচক্র এবং বিভিন্ন সিন্ডিকেটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক আন্দোলন চালিয়ে আসছে ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’।

এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে বাড়ি ফেরার পথে স্টেশন কলোনি এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে তাঁর চোখে আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন।

এ হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সংগঠনটির সদস্যসচিব মোহাম্মদ সাবের হোসাইন। গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তাঁরা।

তিনি আরও বলেন, হামলা চালিয়ে ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র সামাজিক ও মানবিক কার্যক্রম বন্ধ করা যাবে না। এর আগেও সংগঠনটির একাধিক সদস্য হামলার শিকার হয়েছেন। তবে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে তাঁরা নিজেদের অবস্থান থেকে একচুলও সরে আসেননি।

সাবের হোসাইন আরও বলেন, হামলা-মামলা দিয়ে সত্য ও সুন্দরের পথ রোধ করা সম্ভব নয়। অন্যায়, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে সংগঠনটির শান্তিপূর্ণ সামাজিক আন্দোলন যেকোনো মূল্যে অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর