রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রতিষ্ঠাবার্ষিকী, আলোচনায় পার্বত্য চুক্তি

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের নামে জুম্ম জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বক্তারা। তাঁরা বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে সরকারকে পার্বত্য চুক্তি বাস্তবায়নে বাধ্য করা সম্ভব হতো। তবে সেই ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা প্রসীত খীসা।

রোববার (১৫ নভেম্বর) খাগড়াছড়ি শহরের মারমা কল্যাণ সংসদ হলরুমে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিকের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা অভিযোগ করেন, জুম্ম জাতিকে নতুন করে চুক্তির স্বপ্ন দেখিয়ে দীর্ঘদিন ধরে পাহাড়ে সংঘাত জিইয়ে রাখা হয়েছে। এ জন্য প্রসীত খীসা ও তাঁর অনুসারীদের দায়ী করে তাঁদের সুবিধাবাদী ও প্রতারক বলেও মন্তব্য করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত হলে জুম্ম জাতি পাহাড়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারত। চুক্তি বাস্তবায়ন না হওয়ায় গণতান্ত্রিক ঐক্যের প্রয়োজনীয়তা আরও বেড়েছে। ঐক্য অস্ত্রের চেয়েও শক্তিশালী উল্লেখ করে তাঁরা উন্নয়ন ও জুম্ম জাতির অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ভ্রাতৃঘাতী সংঘাত ও খুনোখুনি বন্ধ করে পার্বত্য চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। একই সঙ্গে জুম্ম জাতির কল্যাণে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার আহ্বান জানান তাঁরা।

‘সত্যের জয় অনিবার্য’ স্লোগান সামনে রেখে ইউপিডিএফ গণতান্ত্রিকের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে জেলা শহরের সূর্যশিখা ক্লাব থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ওড়ানো হয়।

পরে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি বর্মাসহ নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন নেতাকর্মীরা। এরপর তাঁরা সমাবেশে মিলিত হন।

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক সুলেন চাকমার সঞ্চালনায় এবং কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিংয়ের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুব ও ছাত্রবিষয়ক সম্পাদক বিজয় চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস) এমএন লারমার খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রীতি খীসা। এ ছাড়া বক্তব্য দেন ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা, বান্দরবান জেলা সভাপতি উবামং মারমা, সাধারণ সম্পাদক মংসাপ্রু ত্রিপুরা এবং পিসিপির কেন্দ্রীয় সভাপতি লবিয়ত চাকমা প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে ‘আপস চুক্তি’ আখ্যা দিয়ে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ইউপিডিএফ প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন একসঙ্গে কাজ করলেও অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে সংগঠনটি দুই ভাগে বিভক্ত হয়। এর ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৫ নভেম্বর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) প্রতিষ্ঠা করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর