রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

নৌপথ সচলের নামে চর কেটে বালু উত্তোলন, হুমকিতে কৃষিজমি ও বসতভিটা

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা একটি বিশাল চরে চলছে ড্রেজিং। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে চরটি নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে। একই সঙ্গে আশপাশের ফসলি জমি ও বসতভিটা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

স্থানীয়দের দাবি, নৌযান চলাচলের উপযোগী নাব্যতা ফিরিয়ে আনার কথা বলে ড্রেজিং করা হলেও নির্ধারিত নৌপথের বাইরে বালু উত্তোলন করা হচ্ছে। তাঁদের অভিযোগ, বালু ব্যবসায়ীদের স্বার্থেই এমন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সরেজমিনে জানা গেছে, রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর ব্রহ্মপুত্র নৌঘাট এলাকায় এ ড্রেজিং কার্যক্রম চলছে। ইতোমধ্যে প্রায় ১৫০ মিটার এলাকাজুড়ে অন্তত দুই একর চর কেটে বালু উত্তোলন করা হয়েছে। ড্রেজিং করা অংশটি প্রায় ১২০ ফুট প্রশস্ত এবং ৩০ ফুট গভীর। এতে প্রায় দেড় একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানা গেছে। অবশিষ্ট চরটুকুও ভাঙনের কবলে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসী জানান, গত বছর থেকে ওই এলাকায় নদীভাঙন বন্ধ থাকায় ব্রহ্মপুত্রের বুকে বিশাল চর জেগে ওঠে। কিন্তু বর্তমানে একটি প্রভাবশালী মহল বালু ব্যবসার উদ্দেশ্যে সেখানে ড্রেজিং করছে। এ কাজে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ তাঁদের।

স্থানীয়দের ভাষ্য, বিআইডব্লিউটিএর নির্দেশনা অনুযায়ী ফলুয়ার চর থেকে চিলমারী নৌঘাট পর্যন্ত নৌযান চলাচলের পথে যেসব স্থানে নাব্যতা সংকট দেখা দেবে, সেসব স্থানেই ড্রেজিং করার কথা। কিন্তু নির্ধারিত নৌপথের বাইরে নৌঘাটসংলগ্ন চরে বালু তোলা হচ্ছে। এতে নৌপথের নাব্যতা ফিরিয়ে আনার চেয়ে বালু উত্তোলনই বেশি গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন তাঁরা।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ফলুয়ার চর নৌঘাট থেকে চিলমারী নৌঘাট পর্যন্ত নৌযান চলাচলের পথে নাব্যতা সংকট দেখা দিলে সংশ্লিষ্ট স্থানগুলোতে ড্রেজিং করা যাবে। তবে বালু উত্তোলনের সময় নদীতীরের স্থাপনা, জনসাধারণ ও আশপাশের কৃষিজমির কোনো ধরনের ক্ষতি করা যাবে না।

এ বিষয়ে ফলুয়ার চর নৌঘাটের ইজারাদার মো. তৌহিদুল ইসলাম বলেন, পানি কমে যাওয়ায় ঘাটটি আগের জায়গা থেকে কিছুটা দূরে সরে গেছে। এতে মালবাহী যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে এবং তাঁদের আর্থিক ক্ষতি হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্যই ড্রেজিং করা হচ্ছে।

অপরিকল্পিত ড্রেজিংয়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা নির্মল কুমার রায় বলেন, ‘অপরিকল্পিতভাবে ড্রেজিংয়ের বিষয়ে আমি কিছু জানি না। এ বিষয়ে আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারেন।’

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী সমীর চন্দ্র পাল বলেন, নৌযান চলাচল স্বাভাবিক রাখতে নদীর কিছু কিছু স্থানে ড্রেজিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নৌঘাটসংলগ্ন চরে ড্রেজিংয়ের বিষয়ে তিনি অবগত নন।

অন্যদিকে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান বলেন, নির্দেশনা অনুসরণ না করে ড্রেজিং করা হচ্ছে বলে তিনি শুনেছেন। নৌঘাটের পাশেই বালু উত্তোলন করা হচ্ছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর