রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহী পুলিশ লাইনসের কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবির। শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করছেন এবং কর্মক্ষেত্রে সুনামের সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করছেন। তাঁদের মেধা ও যোগ্যতা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।
তিনি আরও বলেন, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে একটি বড় ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ভূমিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার আন্তরিক। শিক্ষার্থীরা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে, সে পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের মাধ্যম নয়; বরং একজন মানুষকে সৎ, যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রধান হাতিয়ার। শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাঁদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ।
তিনি আরও বলেন, এ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আগামী দিনেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজশাহী নগরীর উন্নয়ন প্রসঙ্গে মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে সত্যিকার অর্থে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস