লিওনেল মেসির জাতীয় দল থেকে অবসরের পর প্রথম ম্যাচেই বাস্তবতা টের পেল আর্জেন্টিনা! প্রীতি ম্যাচে লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে আলবিসেলেস্তেরা।
এরই সঙ্গে দীর্ঘ অপরাজেয় যাত্রারও ইতি ঘটল লাতিন জায়ান্টদের। দীর্ঘ ২,৭৯৩ দিন পর কোনো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হারের স্বাদ পেল তারা। ২০১৯ সালের মার্চে সর্বশেষ প্রীতি ম্যাচে হেরেছিল দলটি।
২০১৯ সালের সেই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ছিল জাতীয় দলে লিওনেল মেসির প্রত্যাবর্তন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর সেটিই ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির প্রথম ম্যাচ। তবে সেই প্রত্যাবর্তনটা মোটেও সুখকর ছিল না। মাদ্রিদের ওয়ান্দা মেট্রোপলিটানো স্টেডিয়ামে ভেনেজুয়েলার কাছে ৩-১ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। ২০১৯ কোপা আমেরিকার ঠিক আগমুহূর্তে এমন পারফরম্যান্স দলটি নিয়ে বড় ধরনের উদ্বেগের জন্ম দিয়েছিল।

সেদিন ভেনেজুয়েলার হয়ে গোল তিনটি করেছিলেন সালোমন রনদন, জন মুরিলো ও জোসেফ মার্তিনেজ। বড় ব্যবধানে হারের লজ্জা এড়াতে আর্জেন্টিনার হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেছিলেন লাউতারো মার্টিনেজ। অন্তর্বর্তী কোচ স্কালোনির অধীনে সেটিই ছিল মেসির প্রথম ম্যাচ; যদিও কোপা আমেরিকার পর স্থায়ীভাবে কোচের দায়িত্ব পান স্কালোনি। মাদ্রিদের সেই রাতের একাদশে থাকা অনেক ফুটবলারই প্রায় চার বছর পর ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের স্বাদ পান।
ঘরের মাঠে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার আগের হারের ইতিহাস খুঁজতে গেলে ফিরে যেতে হবে ১৯৯৬ সালের ২৮ ডিসেম্বরে। সেদিন মার দেল প্লাতার হোসে মারিয়া মিনেলা স্টেডিয়ামে দানিয়েল পাসারেলার অধীনে যুগোস্লাভিয়ার কাছে ৩-২ গোলে হেরেছিল আর্জেন্টিনা। স্বাগতিকদের হয়ে হুয়ান এসনাইদার ও হুগো মোরালেস গোল পেলেও লুবিনকো দ্রুলোভিচ, দেজান গোভেদারিকা এবং জোরান জোভিচিচের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
এই বাংলা/এমএস