নাটোরের নলডাঙ্গায় সামাজিক অপরাধ প্রতিরোধ, সাধারণ মানুষের আইনগত অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা আইনগত সহায়তা কমিটির সদস্য, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতা এবং জিএফএর কারিগরি সহায়তায় সভাটির আয়োজন করা হয়। খান ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং নাটোরের ALWO (আলো) সংস্থার সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। সভাপতির বক্তব্যে তিনি নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য লিঙ্গনিরপেক্ষ আইন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম নাহিদ, আনসার কর্মকর্তা এরশাদ এবং সাংবাদিক মো. রাসেল শেখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খান ফাউন্ডেশনের ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার শাহীনা লাইজু।
সভায় বক্তারা সাধারণ মানুষের আইনগত অধিকার এবং লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়ার সুযোগ সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, নারী ও শিশু পাচার প্রতিরোধ, জুয়া এবং মাদকের ভয়াবহতা তুলে ধরেন।
বক্তারা এসব সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সম্মিলিত সামাজিক উদ্যোগ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তাঁরা বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আইনগত অধিকার নিশ্চিত করা এবং সামাজিক অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এ লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে লিগ্যাল এইড কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তাঁরা।
এই বাংলা/এমএস