নীলফামারীর ডিমলায় পৈতৃক সূত্রে পাওয়া দীর্ঘদিনের ভোগদখলীয় জমি নিয়ে বিরোধের জেরে পাকা আমন ধান কেটে নেওয়ার হুমকি ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের জমির ফসল রক্ষা এবং পরিবারের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী তহিদুল ইসলাম বাচ্চু।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার কালীগঞ্জ এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তহিদুল ইসলাম বাচ্চু জানান, তাঁর বাবা মৃত ইছামুদ্দিন এবং চাচা ইসমাইল উদ্দিন, সফির উদ্দিন ও সৃজির উদ্দিন এক্সচেঞ্জ কেস নম্বর ২৭০/৬৯-৭০-এর দলিলমূলে সংশ্লিষ্ট জমির মালিকানা লাভ করেন। খতিয়ান নম্বর ৬৪/৮৬-এর ১৮৪৯ ও ১৮৫০ দাগে মোট ৫০ শতক জমি রয়েছে। তাঁদের বাবার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে তিনি ও পরিবারের অন্য সদস্যরা জমির মালিক হন। তাঁর দাবি, প্রায় ৫০ বছর ধরে জমিটি তাঁদের শান্তিপূর্ণ ভোগদখলে রয়েছে এবং নিয়মিত খাজনা-খারিজও পরিশোধ করে আসছেন।
তাঁর অভিযোগ, পরিবারের অগোচরে একই গ্রামের মৃত পানাতুল্লা মামুদের ছেলে মোশারফ হোসেন সেটেলমেন্ট অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে তাঁদের ভোগদখলীয় জমি নিজের নামে বিএস রেকর্ডভুক্ত করিয়ে নেন। এ ঘটনায় জমির প্রকৃত মালিকানা প্রতিষ্ঠা ও বিএস রেকর্ড সংশোধনের দাবিতে মোশারফ হোসেনের পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ডিমলা সিনিয়র সহকারী জজ আদালতে স্বত্ব ঘোষণার মামলা করেছেন তিনি।
বাচ্চু আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে প্রতিপক্ষ মোশারফ হোসেনের ছেলে আনছার আলী (৭০), মো. মহিদুল ইসলাম (৬৫), মো. রতন ইসলাম (৩০) এবং তাঁদের পক্ষের মো. নাসিরুল ইসলাম (৪৫), কুদ্দুছ আলী (৩৫), আজিজুল ইসলামসহ ৩০ থেকে ৩৫ জন তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছেন। এর আগে জমিতে আমন ধান রোপণেও বাধা দেওয়ার চেষ্টা করা হয়।
তাঁর ভাষ্য অনুযায়ী, গত ৯ নভেম্বর সকাল ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধ হয়ে জমির পাশে গিয়ে পাকা ধান কেটে নেওয়ার চেষ্টা করেন এবং জমি হালচাষ করে দখলে নেওয়ার হুমকি দেন।
বর্তমানে জমির আমন ধান পেকে উঠেছে। যেকোনো সময় প্রতিপক্ষের লোকজন ধান কেটে নিতে পারেন—এমন আশঙ্কায় পরিবারটি উদ্বিগ্ন বলে জানান বাচ্চু। নিজেরা ধান কাটতে গেলেও হামলার শিকার হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
সংবাদ সম্মেলনে তহিদুল ইসলাম বাচ্চু জমির প্রকৃত মালিকানা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত, বিএস রেকর্ডে কথিত অনিয়মের অনুসন্ধান, পাকা আমন ধান রক্ষায় জরুরি ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
এই বাংলা/এমএস