বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৩০, বাড়িঘরে হামলা-ভাঙচুর

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার ইছাপুরা গ্রামে এ সংঘর্ষ চলে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইছাপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন এবং অপর সাবেক চেয়ারম্যান বকুলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে এর আগেও দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বিরোধের ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় বকুলের পক্ষের লোকজন আখতার হোসেনের সমর্থক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁকে মারধর করেন। এতে তিনি আহত হন। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওই ঘটনার জেরে বুধবার সকাল ৭টার দিকে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়। এতে অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হন।

খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সকাল ৯টার দিকে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর