রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

বকশীগঞ্জে মসজিদ পুনর্নির্মাণে বাধার অভিযোগ, প্রতিকারের দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার মেষেরচর পূর্বপাড়া এলাকায় বায়তুন নূর জামে মসজিদের পুনর্নির্মাণকাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। একই সঙ্গে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে মসজিদ কমিটি।

রোববার (৮ নভেম্বর) মেষেরচর পূর্বপাড়া এলাকায় আয়োজিত মানববন্ধনে মসজিদ কমিটির সদস্য, স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী অংশ নেন। এ সময় সবদুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে মসজিদ নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ তোলেন তাঁরা।

মসজিদের সাধারণ সম্পাদক খন্দকার মাহিদুন্নবী মনো জানান, মেষেরচর পূর্বপাড়া এলাকায় প্রায় ১০০ বছরের পুরোনো বায়তুন নূর জামে মসজিদটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় মুসল্লিরা দীর্ঘদিন ধরে সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার জামাত আদায় করে আসছেন। পাশাপাশি শিশুদের কোরআন শিক্ষার কার্যক্রমও পরিচালিত হয়।

তিনি আরও জানান, মসজিদের জন্য জমিদাতা আজাদ আলী (পিতা: মৃত বাচ্চু খান) ২০২২ সালের ১১ নভেম্বর ৪ দশমিক ৮০ শতাংশ জমি দানপত্রের মাধ্যমে মসজিদের নামে নিবন্ধন করে দেন। জমিটির বিএস খতিয়ান নম্বর ১১৬৮ এবং বিএস দাগ নম্বর ৬৩০০।

স্থানীয় বাসিন্দা শাহজাহান অভিযোগ করেন, সম্প্রতি মসজিদ পুনর্নির্মাণের জন্য জমির সীমানা নির্ধারণ করতে গেলে সবদুল ও লিমন নামের দুই ব্যক্তি বাধা দেন। এ সময় নির্মাণকাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয়ভীতি দেখানো ও হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

মসজিদ কমিটির সহসভাপতি বারেক বলেন, পুনর্নির্মাণকাজে বাধা দেওয়ায় এলাকায় উত্তেজনা ও অসন্তোষ তৈরি হয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

অভিযোগের বিষয়ে সবদুলের বক্তব্য জানতে চাইলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় গত ৭ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেয় মসজিদ কমিটি। অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর