রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

ডিমলায় র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন বিএনপির

ডিমলা (নীলফামারি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নীলফামারীর ডিমলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে ডিমলা উপজেলায় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, সাবেক সহসভাপতি আরিফুল ইসলাম লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক এবং ডিমলা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ডিআরসহ উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় দলীয় বিভেদ ভুলে সরকারপ্রধান তারেক রহমান এমপির নির্দেশনা যথাযথভাবে পালনের আহ্বান জানান তাঁরা।

কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর