নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের যুগিরডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ মো. মিনারুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ নভেম্বর) বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যুগিরডাঙ্গা এলাকায় অবস্থান নেয় টহল দলটি। পরে সন্দেহভাজন মিনারুল ইসলামকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে মাদক সেবনের সরঞ্জাম, একটি মোবাইল ফোন, নগদ অর্থসহ অন্যান্য আলামতও জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
বিজিবি সূত্র আরও জানায়, আটক ব্যক্তি মিনারুল ইসলাম ওরফে মেনালের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
এই বাংলা/এমএস