শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

কাঠালিয়া থানার ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজাপুর-কাঠালিয়া সড়কে কাঠালিয়া থানার প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

‘সর্বস্তরের জনতা’র ব্যানারে আয়োজিত মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে বিএনপি, মহিলা দল, যুবদলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ওসি আবু নাছের রায়হান এলাকার সাধারণ মানুষের কাছে জনপ্রিয় ছিলেন। বিচারপ্রার্থীরা তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারতেন। তাঁর দায়িত্ব পালনকালে এলাকার মানুষ নিরাপদ বোধ করতেন বলেও দাবি করেন তাঁরা।

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওসি আবু নাছের রায়হানের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নেহার খানম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মোল্লা, আমুয়া ইউনিয়ন মহিলা দলের নেত্রী রিমা ফেরদৌস এবং আওরাবুনিয়া ইউনিয়ন মহিলা দলের নেত্রী লাকি বেগম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি শাহেলি পারভিন, যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর