রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮১০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় আইন লঙ্ঘনের অভিযোগে ৪৯৮টি যানবাহন ডাম্পিং এবং ৩৮১টি যানবাহন রেকার করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমপির ট্রাফিক বিভাগের আটটি জোনের আওতাধীন এলাকায় আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়।
রোববার (১ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আটটি ট্রাফিক বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মতিঝিল বিভাগে। এ বিভাগে ৪১৩টি মামলা করা হয়েছে। এ ছাড়া উত্তরা বিভাগে ৩০৪টি, গুলশান বিভাগে ৩০৩টি এবং মিরপুর বিভাগে ২৮৪টি মামলা হয়েছে।
অন্য বিভাগগুলোর মধ্যে লালবাগে ১৮১টি, ওয়ারীতে ১৬৭টি, তেজগাঁওয়ে ৯৫টি এবং রমনায় ৬৩টি মামলা দায়ের করা হয়েছে।
মামলার পাশাপাশি আইন লঙ্ঘনের অভিযোগে ৪৯৮টি যানবাহন ডাম্পিং করা হয়। এ ছাড়া সড়কে চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টিকারী ৩৮১টি যানবাহন রেকার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন কার্যকর করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।
এই বাংলা/এমএস