শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় ট্রাকচাপায় গৃহবধূ নিহত, আহত স্বামী

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • প্রকাশকালঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বগুড়া-নওগাঁ মহাসড়কের তিশিগাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় জয়ারানী (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী বাবলা দাস (৩১) আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়ারানী বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের বাসিন্দা বাবলা দাসের স্ত্রী। তিনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন। আহত বাবলা দাস একই গ্রামের যুগল চন্দ্র দাসের ছেলে এবং পেশায় একজন ব্যাংক কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী খেতুর ধাম তীর্থস্থান দর্শন শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবলা দাস। পথে দুপচাঁচিয়ার তিশিগাড়ী এলাকায় পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় তাঁদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সামনে দুর্ঘটনায় পড়ে। এতে স্বামী-স্ত্রী দুজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জয়ারানীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত বাবলা দাসকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

জয়ারানীর মৃত্যুর খবর বেলাই গ্রামে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) নাজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর