মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে উপজেলা ছাত্রদল।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাকিবুল হাসান ও জ্যেষ্ঠ সহ-সভাপতি আল আমিন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী বাস, মিনিবাস ও লেগুনার অনিয়মের বিষয়গুলো তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন রুট ও আঞ্চলিক সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করায় যাত্রীদের জীবন চরম ঝুঁকির মুখে পড়ছে। পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া দিতে চাইলে কিংবা অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এমনকি অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন যানবাহনে বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালকেরা গাড়ি চালাচ্ছেন। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক সহকারীদেরও দেখা যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্কদের দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চালানো হচ্ছে, যা সড়ক দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজ, সাটুরিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
নিরাপদ সড়ক নিশ্চিত করতে স্মারকলিপিতে চারটি প্রধান দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো—
১. সাটুরিয়া উপজেলায় ফিটনেসবিহীন বাস, মিনিবাস ও লেগুনা চলাচল অবিলম্বে বন্ধ করা।
২. সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া বা হাফ পাস কার্যকর করা।
৩. কেবল বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী দক্ষ চালকের মাধ্যমে যানবাহন পরিচালনা নিশ্চিত করা এবং অপ্রাপ্তবয়স্ক চালক ও সহকারীদের অপসারণ করা।
৪. সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ পার্কিং বন্ধ করে যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলা।
স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন আন্তরিক। ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত ভাড়া আদায় এবং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই বাংলা/এমএস