শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মৌলভীবাজারে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি ও প্রসাধনসামগ্রী জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিজিবি, র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধনসামগ্রী জব্দ করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে প্রবেশ ও পরিবহনের গোপন সংবাদের ভিত্তিতে যৌথ টাস্কফোর্স শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় স্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।

বিজিবি জানায়, জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। অবৈধভাবে দেশে আনার পর পরিবহনের সময় এসব পণ্য জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চোরাচালান প্রতিরোধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃপক্ষ। সীমান্ত সুরক্ষা জোরদার, অবৈধ পণ্যের প্রবেশ বন্ধ এবং চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর