জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নতুন করে ১৩টি সোলার প্যানেল স্থাপন করেছে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট। স্থানীয় জনসাধারণের চলাচল সহজ করা ও রাতের বেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আলোর ব্যবস্থা বাড়ানোর লক্ষ্যে শুক্রবার (২৩ অক্টোবর) এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
ট্রাস্টের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম পরিচালনা করেন। ‘সবুজের পথে, আলোর সাথে, মানুষের কল্যাণে, সমাজের উন্নয়নে’ স্লোগান নিয়ে সংগঠনটি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
নতুন স্থাপন করা সোলার প্যানেলগুলো নিলক্ষিয়া ইউনিয়নের দাড়িপুরা মোড়, সাজিমারা, পাগলাপাড়া সামাজিক কবরস্থান, সলইমুন্ডল পাড়া মোড়, মহরবন তিন রাস্তার মোড়ের শ্রীবর্দী রোড ও চকিদার বাড়ি-সংলগ্ন স্থানে বসানো হয়েছে। এ ছাড়া নিলক্ষিয়া বাজারে মজিদ সরকারের বাড়ির মোড় ও হাইস্কুল রোড, শাহ আলীর বাড়ির মোড়, বিনোদেরচর বাজার, বিনোদের তিন রাস্তার মোড়ের ঝালোপাড়া ও গুমের চর অভিমুখী সড়ক, বাদল মেম্বারের বাড়ির মোড় এবং নিলক্ষিয়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় সোলার প্যানেল স্থাপন করা হয়েছে।
স্থানীয়দের আশা, এসব স্থাপনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সড়কের মোড় ও জনসমাগমস্থলে রাতের বেলায় আলোর সুবিধা বাড়বে। এতে সাধারণ মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে আলোকসুবিধা নিশ্চিত করতে সহায়ক হবে।
আলো ও সবুজায়নে উদ্যোগ
সোলার প্যানেল স্থাপনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও কাজ করছে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট। এর আগে সংগঠনটির উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯টি সোলার লাইট স্থাপন করা হয়। সবুজায়নের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় প্রায় ৬০০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর আরও ২০টি বকুল ফুলের চারা লাগানো হয়। সড়কের পাশে, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে গাছ লাগিয়ে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি এবং সবুজ পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছে সংগঠনটি।
শিক্ষা, ক্রীড়া ও মানবিক সহায়তা
শিক্ষা ও ক্রীড়ার প্রসারেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে ট্রাস্টটি। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা এবং কৃতী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে নিলক্ষিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডে বিতরণ করা হয়েছে ২৫টি ফুটবল।
এ ছাড়া অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়াসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।
ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম বিকট বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো এলাকার মানুষের কল্যাণে কাজ করা। শুধু সোলার প্যানেল স্থাপন নয়, পরিবেশ সংরক্ষণ, শিক্ষার প্রসার, খেলাধুলার উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোও আমাদের কার্যক্রমের অংশ। সবার সহযোগিতা নিয়ে নিলক্ষিয়া ইউনিয়নকে আরও সুন্দর ও উন্নত করতে চাই। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”
ট্রাস্টের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, “এলাকার মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়েই আমরা বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিচ্ছি। সোলার প্যানেল স্থাপন, বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের সহায়তা ও খেলাধুলার সরঞ্জাম বিতরণের মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করছি। আমাদের সদস্যরা সম্মিলিতভাবে কাজ করছেন। স্থানীয়দের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে।”
এলাকাবাসীর মতে, স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ জনসাধারণের উপকারে আসবে। আলো নিশ্চিত করার পাশাপাশি বৃক্ষরোপণ, শিক্ষা সহায়তা ও ক্রীড়া সরঞ্জাম বিতরণের মতো কর্মসূচি সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারে। তাঁদের প্রত্যাশা, বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট ভবিষ্যতেও এসব কার্যক্রম চালিয়ে যাবে এবং নিলক্ষিয়া ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়নে আরও অবদান রাখবে।
এই বাংলা/এমএস