শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলার ৬৫ পূজামণ্ডপে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত অনুদান

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

 

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি পূজামণ্ডপে নিজস্ব তহবিল থেকে নগদ অনুদান দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁদের আপনজন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে কোনো বিভেদ করে না। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে বলেও মন্তব্য করেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে মীর শাহে আলম বলেন, দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপনের জন্য সরকার ও বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। তাঁদের সামাজিক নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দলই হিন্দু সম্প্রদায়ের মানুষের ভোটকে নিজেদের একক সম্পদ মনে করতে পারে না। ভোটের মাধ্যমে তাঁরা নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচন করেন। বিএনপি তাঁদের আত্মার আত্মীয় হিসেবে পাশে থাকতে চায়।

প্রতিমন্ত্রী আরও জানান, দুর্গাপূজা উপলক্ষে এবার ছুটি এক দিন বাড়ানো হয়েছে। সরকারি উদ্যোগে প্রতিটি মন্দিরের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু নারীদের জন্য শাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিএনপির নেতাকর্মীরাও তাঁদের পাশে দাঁড়িয়েছেন বলে জানান তিনি।

মীর শাহে আলম বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে মন্দির পরিদর্শন করবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেবেন। তাঁর মতে, এটি সব ধর্মের মানুষের প্রতি সরকারের সমান দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

বিরোধী দলের ভূমিকা নিয়ে মন্তব্য

রাজনৈতিক প্রসঙ্গে প্রতিমন্ত্রী ১১-দলীয় জোটের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বেহেশতের প্রলোভন দেখিয়ে ভোট নেওয়ার পর জোটটি বিরোধী দলের আসনে বসে দায়িত্বশীল আচরণ করছে না। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারের কাজে বিরোধী দলের সহযোগিতা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি ‘আমি-ডামি’ নির্বাচনে বিশ্বাস করে না। দেশের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে জনগণের কাছে আবারও ভোট চাইবে দলটি। জনগণ ভোট দিলে সরকার গঠন করবে, আর ভোট না দিলে বিরোধী দলে থাকবে—এমন বক্তব্যও দেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিষ্ণুপদ পাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক এবং সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর