শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯২টি ককটেলসহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, গানপাউডারসদৃশ ১১ দশমিক ৮ কেজি সাদা পাউডার, দুটি হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টা ৫ মিনিটে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, এসআরবি-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় এসআরবি-৫, রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সহযোগিতা করে।

আমবাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় ককটেল, গানপাউডারসদৃশ পাউডার, হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। তবে অভিযানের সময় ঘটনাস্থলের আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

অভিযানসংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারণা, দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব আলামত সেখানে মজুত করে রাখতে পারে। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া প্রয়োজন।

উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে সংস্থাটি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর