শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজায় সবাইকে সজাগ থাকার আহ্বান শামা ওবায়েদের

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের নগরকান্দায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় নগরকান্দা উপজেলা মিলনায়তন হলরুমে নগরকান্দা পৌর ও সালথা উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রনদা প্রসাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

সভায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুজব ও অপপ্রচারে কান না দেওয়া এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রশাসনকে অবহিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান, সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ, সালথা থানার ওসি বাবলুর রহমান, বিশিষ্ট শিল্পপতি কালাই লাল, বিএনপি নেতা তৈয়াবুর রহমানসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপন এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগেও নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে শামা ওবায়েদ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনে সহযোগিতা এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর