ফারাক্কা চুক্তি নবায়নের ক্ষেত্রে জিয়াউর রহমানের অনুসৃত পথ অনুসরণ করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (৩ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাকবাংলো এলাকায় মহানন্দা নদী পরিদর্শন ও নদী-পরিবেশবাদী সংগঠন নোঙর বাংলাদেশের আয়োজনে ‘নোঙর রিভার ক্যাম্প’-এর কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
আন্তঃসীমান্ত নদীর পানির হিস্যা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি এবং মিয়ানমারের তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এসব নদীতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
ফারাক্কা চুক্তির গুরুত্ব তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, ৩০ বছর মেয়াদি এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন করে চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কারিগরি কমিটি কাজ করছে বলেও জানান তিনি।
নদী ও খাল উদ্ধারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো ধরনের দলীয় পরিচয় বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বিবেচনা করা হবে না। খনন ও পুনরুদ্ধার করা নদী, খাল ও জলাশয় পুনরায় দখলের কোনো সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।
এর আগে প্রতিমন্ত্রী মহানন্দা নদীর সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন। পরে নোঙর রিভার ক্যাম্পের পতাকা আয়োজকদের হাতে তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর তিনি তেঁতুলিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।
আয়োজকেরা জানান, নোঙর বাংলাদেশের এ কার্যক্রম পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়ে টেকনাফে গিয়ে শেষ হবে।
এ সময় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আকাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান, সালাউদ্দীন প্রধান ও নাসির খান মিন্টুসহ জেলা-উপজেলা বিএনপির নেতাকর্মী এবং পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস