শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

চলনবিলে ৩ পাখি শিকারিকে কারাদণ্ড-জরিমানা, ৫০ বক উদ্ধার

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

 

নাটোরের সিংড়ায় চলনবিলে অভিযান চালিয়ে তিন পাখি শিকারিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় শিকারিদের কাছ থেকে উদ্ধার করা ৫০টি বক প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। একই সঙ্গে পাখি শিকারের কাজে ব্যবহৃত ১০টি বিশেষ কিল্লা ঘর ধ্বংস করা হয়।

শনিবার (৩ অক্টোবর) ভোরে উপজেলা প্রশাসন ও রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের যৌথ নির্দেশনায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

উপজেলার আগমুরশন, বামিহাল, কাকিয়ান ও পূর্বভেংড়ী বিলের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫০টি বকসহ তিন শিকারিকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম প্রত্যেককে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন পূর্বভেংড়ী গ্রামের আব্দুর রশিদ (৫৫), মকছেদ আলী (৫০) ও আবু হানিফ (৪০)।

অভিযানে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন-অর-রশিদ, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান শিমুল, প্রভাষক নাহমাদুল হকসহ পরিবেশকর্মী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশকর্মীরা জানান, পোষা বক ব্যবহার করে বিশেষ কিল্লা ঘর তৈরি এবং ফাঁদ পেতে বক শিকার করা হচ্ছিল। অভিযানের সময় এসব ফাঁদ ও কিল্লা ঘর ধ্বংস করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, শীতের আগমনকে কেন্দ্র করে চলনবিলে বিভিন্ন প্রজাতির দেশি ও অতিথি পাখির সমাগম ঘটে। এ সুযোগে অসাধু চক্র পাখি শিকারে সক্রিয় হয়ে ওঠে। জীববৈচিত্র্য রক্ষায় ২০১২ সাল থেকে তাদের সংগঠন দুর্গম বিল এলাকায় সচেতনতামূলক কার্যক্রম ও অভিযান পরিচালনা করে আসছে। বন্যপ্রাণী ও পাখি রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর