রাজশাহীর পবায় নওহাটা বাজারে ‘ম্যাঙ্গো লাভার’ নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের কার্যালয়ে এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির কর্ণধার মুরাদ পারভেজ (৩০)কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শরনিম আকতার এ আদেশ দেন।
মুরাদ পারভেজ পবা উপজেলার পাইকপাড়া এলাকার মো. মুনতাজ আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই রাজশাহী কলেজের এক শিক্ষার্থী পবা থানায় তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় মুরাদ পারভেজকে প্রধান আসামি করা হয়েছে। অপর আসামিদের মধ্যে শের আলী দুলাল তার বন্ধু বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। শের আলী দুলালের বাড়ি ঢাকায়।
এজাহার অনুযায়ী, রিপন আলীর মাধ্যমে ওই তরুণীর সঙ্গে শের আলী দুলালের পরিচয় হয়। তাদের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনা চলছিল। গত ২১ জুলাই শের আলী দুলাল ঢাকা থেকে রাজশাহীতে আসেন। পরে নওহাটা বাজারে অবস্থিত ‘ম্যাঙ্গো লাভার’ প্রতিষ্ঠানের কার্যালয়ে তাদের দেখা হয়।
তরুণীর অভিযোগ, ওই কার্যালয়ে শের আলী দুলাল ও মুরাদ পারভেজ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় পরে তিনি পবা থানায় মামলা করেন।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আদালতের আদেশের পর মুরাদ পারভেজকে কারাগারে পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস