কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ মো. আফজাল হোসেন (৪২) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর এলাকায় আফজাল হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, রোববার দুপুর ১টার দিকে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আফজাল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় উলিপুরে অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে হাতিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ফারুক আহমেদ বাতেন বলেন, এ ধরনের কর্মকাণ্ড দলের জন্য ক্ষতিকর। আফজাল হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে উপজেলা কমিটির কাছে আবেদন করা হয়েছে। সংগঠনের নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস