চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের স্থবিরতা দূর করে দ্রুত লীগ ও টুর্নামেন্ট আয়োজনের দাবিতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে মতবিনিময় করেছেন পেশাদার ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিজেকেএস মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মী অংশ নেন।
মতবিনিময়ে খেলোয়াড়রা বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে স্থবিরতা বিরাজ করছে। নিয়মিত লীগ ও টুর্নামেন্ট না হওয়ায় অনেক পেশাদার খেলোয়াড় জীবিকার প্রয়োজনে রাইড শেয়ারিং, চা বিক্রিসহ বিভিন্ন পেশায় যুক্ত হতে বাধ্য হচ্ছেন। দ্রুত এ পরিস্থিতির অবসান ঘটিয়ে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফুটবল ও ক্রিকেট লীগসহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের দাবি জানান তারা।
ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মী তানভীর আহমেদ বলেন, মাঠে খেলা না থাকায় ক্রীড়া সাংবাদিকদেরও কাজের সুযোগ কমে গেছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে নিয়মিত লীগ ও টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি অতীতের মতো জাতীয় ফুটবল ও ক্রিকেট দলের খেলাও আয়োজনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া উপকমিটির সদস্যসচিব এবং ক্রীড়া সাংবাদিক ও সংগঠক সাইফুল্লাহ চৌধুরী বলেন, খেলোয়াড়দের দুর্ভোগ একজন ক্রীড়া সংগঠক হিসেবে সিজেকেএস সদস্য সচিব উপলব্ধি করবেন বলে তিনি আশা করেন। দ্রুত লীগ-টুর্নামেন্ট চালুর পাশাপাশি নির্বাচনের মাধ্যমে প্রকৃত ক্রীড়া সংগঠকদের হাতে সিজেকেএসের দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
সিজেকেএসের সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খেলোয়াড়, সংগঠক ও গণমাধ্যমকর্মীরা বিভিন্ন দাবি নিয়ে আসায় তিনি আনন্দিত। দ্রুততম সময়ে চট্টগ্রাম প্রিমিয়ার ক্রিকেট লীগ আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে বিসিবির পরিচালক ইসরাফিল খসরুর সঙ্গে তার আলোচনা হয়েছে এবং তিনিও ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। পাশাপাশি নির্বাচনের মাধ্যমে প্রকৃত ক্রীড়া সংগঠকদের তত্ত্বাবধানে চট্টগ্রামের ক্রীড়া কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
ক্রীড়াঙ্গনের স্থবিরতায় আবেগাপ্লুত সংগঠক
মতবিনিময় সভায় চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক এবং আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম রাজা। একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়লে সভায় নীরবতা নেমে আসে।
কান্নাজড়িত কণ্ঠে আবুল হাশেম রাজা বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রামে ফুটবল ও ক্রিকেট লীগ না হওয়া একজন ক্রীড়া সংগঠক হিসেবে তাকে ভীষণভাবে পীড়া দেয়। সদস্য সচিবের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনি খেলা মাঠে নামান, স্পন্সর আনার দায়িত্ব আমার।’’
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক আব্দুস সাত্তার, সাবেক জাতীয় ফুটবলার মোহাম্মদ শাহেদ ও নাছির উদ্দিন, ক্রিকেটার ইকবাল বাহার, সিজেকেএস কাউন্সিলর সরওয়ার আলম চৌধুরী মনি এবং ক্রীড়া সংগঠক নূর জাহেদ।
এ সময় সাংবাদিক কামরুল হুদা, আব্দুল সাত্তার, অনীক, রবিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস