কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় পুকুরে মাছ ধরতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—চর বিষ্ণুপুর গ্রামের মো. মমিনুর ইসলামের ছেলে মো. সিয়াম (৮) এবং খামার গ্রামের মো. দুলাল হোসেনের মেয়ে মোছা. মোফাসসিরা (৭)। তারা পরিবারের সঙ্গে ঢলুয়াবাড়ী গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
নিহত শিশুদের স্বজন মো. আবু বক্কর সিদ্দিক জানান, দুপুর ১২টার দিকে সিয়াম ও মোফাসসিরাসহ প্রতিবেশী আরেক শিশু বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামে। তারা ছেঁড়া মশারি দিয়ে জাল তৈরি করে মাছ ধরছিল। একপর্যায়ে সিয়াম ও মোফাসসিরা পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা অন্য শিশুটি বিষয়টি কাউকে না জানিয়ে বাড়িতে চলে যায়।
পরে দুপুর ১টার দিকে স্থানীয় কয়েকজন পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা গিয়ে সিয়ামের মরদেহ উদ্ধার করেন। এরপর পানির নিচ থেকে মোফাসসিরার মরদেহ উদ্ধার করা হয়।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস