মানিকগঞ্জের দৌলতপুরে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের। তবে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তাঁর প্রতিনিধিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. লোকমান হোসেন এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন মাস্টার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এইচ এম মাইনুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও সিলভিয়া স্নিগ্ধা বলেন, খেলাধুলা শুধু শারীরিক কসরত নয়; এটি মানসিক দৃঢ়তা বাড়ায়, নেতৃত্বের গুণাবলি বিকশিত করে এবং শৃঙ্খলা শেখায়। মাদকমুক্ত ও সুস্থ-সুন্দর সমাজ গঠনে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। সহশিক্ষা কার্যক্রম, বিশেষ করে খেলাধুলায় সমানভাবে অংশগ্রহণ করতে হবে। আজকের প্রতিভাবান বিজয়ী শিক্ষার্থীরাই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের মুখ উজ্জ্বল করবে।
ইউএনও প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করায় আয়োজক কমিটি, বিচারকমণ্ডলী ও অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি ধন্যবাদ জানান। একই সঙ্গে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে যারা এবার পুরস্কার পায়নি, তাদের হতাশ না হয়ে আগামী দিনের জন্য আরও ভালো প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
এই বাংলা/এমএস