রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

হরিরামপুরে নবম শ্রেণির ছাত্রীর মৃত্যু, আত্মহত্যার ধারণা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জের হরিরামপুরে জান্নাত আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের কর্মকারকান্দি বয়ড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক।

নিহত জান্নাত আক্তার কর্মকারকান্দি বয়ড়া এলাকার প্রবাসী শেখ জাফর মিয়ার মেয়ে। সে স্থানীয় আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুলের নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার সকালে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার নিয়ে জান্নাতের সঙ্গে তার মায়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে নেওয়া হয়। পরে তার মা আরেক সন্তানকে স্কুলে দিতে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা জান্নাতকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আব্দুর রাজ্জাক মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন বলেন, কিছুক্ষণ আগে একজন অভিভাবক তাকে ফোন করে নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী জান্নাতের মৃত্যুর খবর জানিয়েছেন।

হরিরামপুর থানার এসআই মো. এমদাদুল হক বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর