নীলফামারীর ডিমলায় কোনো দৃশ্যমান রোগের লক্ষণ ছাড়াই হঠাৎ চারটি গরুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে গরুর মালিক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামির উদ্দিনের ছেলে নজরুল ইসলামের গরুগুলো শনিবার সকাল সাড়ে ৮টার দিকে খাদ্যের পাত্রে ধানের গুঁড়া ও ফিট খাওয়ার পর প্রায় ৩০ মিনিটের মধ্যে অসুস্থ হয়ে পড়ে। এরপর মাটিতে ছটফট করতে করতে চারটি গরুই মারা যায়।
গরুর মালিক নজরুল ইসলাম বলেন, ‘গরুগুলোর মধ্যে আগে কোনো রোগের লক্ষণ দেখা যায়নি। হঠাৎ করে চারটি গরু মারা যাওয়ায় আমি প্রায় তিন লাখ টাকার ক্ষতির মুখে পড়েছি।’
তবে কী কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে গরুগুলোর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ঘটনায় গরুর মালিক নজরুল ইসলাম ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
সংশ্লিষ্টদের ধারণা, পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে গরুগুলোর আকস্মিক মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এই বাংলা/এমএস