পদোন্নতি উপলক্ষে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদকে বিদায় সংবর্ধনা দিয়েছে পিরোজপুর সাংবাদিক ফোরাম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতি মো. ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. শাহিন ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. জাহিদুল ইসলাম এবং ফোরামের সাধারণ সম্পাদক এস এম আবু জাফর।
এ সময় ফোরামের সহসভাপতি মো. মাইনুল ইসলাম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শামীম রেজা, দপ্তর সম্পাদক এম এ নকিব নাসরুল্লাহ, কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন ফরাজী, কার্যনির্বাহী সদস্য এম এ জলিলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পিরোজপুর সদর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে মামুনুর রশীদের নিষ্ঠা, সততা ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে তাঁর আন্তরিক ও পেশাদার সম্পর্ক এবং পিরোজপুরের উন্নয়নে তাঁর অবদানও প্রশংসিত হয়েছে।
বক্তারা তাঁর পদোন্নতিকে কর্মজীবনের স্বীকৃতি উল্লেখ করে নতুন কর্মস্থলেও তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেন।
বিদায়ী ইউএনও মামুনুর রশীদ বলেন, পিরোজপুর সদর উপজেলায় দায়িত্ব পালনকালের প্রতিটি মুহূর্ত তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই ছিল তাঁর মূল লক্ষ্য। এ সময় পিরোজপুরের সংবাদকর্মীদের কাছ থেকে পাওয়া গঠনমূলক সহযোগিতা ও আন্তরিকতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্থানীয় প্রশাসনের কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে পিরোজপুর সাংবাদিক ফোরাম দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। পিরোজপুরের মানুষ ও এ মাটির প্রতি তাঁর ভালোবাসা আজীবন থাকবে বলেও জানান তিনি। নতুন কর্মস্থলে একই নিষ্ঠা ও সততার সঙ্গে দেশের সেবা করার জন্য তিনি সবার দোয়া কামনা করেন।
অনুষ্ঠানের শেষপর্বে পিরোজপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বিদায়ী ইউএনও মামুনুর রশীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় তাঁর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এই বাংলা/এমএস