মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

‘গর্তে নিমজ্জিত ভঙ্গুর অবস্থা নিয়ে সরকার গঠন করেছি’: আমীর খসরু

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

‘গর্তে নিমজ্জিত ভঙ্গুর অবস্থা নিয়ে আমরা সরকার গঠন করেছি’—এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরের পুরাতন রেলস্টেশন চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। জনগণের স্বার্থে যে বড় বাজেট দেওয়া হয়েছে, তা বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই দেশ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকার পরিচালনায়ও দলের নেতাকর্মীদের অতীতের মতো সহযোগিতা প্রয়োজন। তবে কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ কিংবা দখলদারকে প্রশ্রয় দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং অপরাধীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।

আমীর খসরু বলেন, বাংলাদেশ যখনই কঠিন সংকটের মুখোমুখি হয়েছে, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তা থেকে দেশকে বের করে আনার চেষ্টা করেছে। বর্তমান সময়েও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দল ও দেশের মধ্যে দেশের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই শিক্ষা দিয়ে গেছেন। বেগম খালেদা জিয়াও তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে সেই আদর্শ ধারণ করেছেন।

তিনি বলেন, রাজনৈতিক শিক্ষা ও আদর্শকে সামনে রেখে একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও জনগণের কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী যেমন আনন্দের, তেমনি বেদনারও। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে বিএনপির অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের ত্যাগের কারণেই আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা সম্ভব হচ্ছে। এ দিনে তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে দেশকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের স্বার্থ রক্ষায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যেকোনো ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।

মাহবুবের রহমান শামীম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি জাতির মুক্তির সনদ হিসেবে ১৯ দফা কর্মসূচি দিয়েছিলেন। সেই আদর্শ ও কর্মসূচিকে ধারণ করেই বিএনপির দীর্ঘ পথচলা।

অন্য বিশেষ অতিথি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অটল থাকার শিক্ষা দিয়েছেন। রাজনৈতিক শৃঙ্খলা, উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির যে ধারা তিনি প্রতিষ্ঠা করেছিলেন, তা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অধ্যায়।

তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা। একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে দলের নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে এরশাদ উল্লাহ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেওয়া কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড ও থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চট্টগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে। আগামী দিনেও জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশ গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দীন, কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব শামসুল আলম, সাঈদ আল নোমান এমপি এবং মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ওলামা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর